আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:51
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২০ ইউনিটের সঙ্গে উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

Front line Bangladesh 14 Oct, 2026 • 02:35 PM
ছবির ক্যাপশন: টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২০ ইউনিটের সঙ্গে উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনে। এতে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর অংশ নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা। বিজিবি সদরদপ্তর থেকেও তাদের সদস্যদের উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুন লাগে। পরে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালপত্র পুড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারখানা ও পাশের ভবনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ট্যাগ
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন ২০ ইউনিটের সঙ্গে উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Oct, 2026 • 02:35 PM
বিজ্ঞাপন (Compact)