আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

Front line Bangladesh 19 Oct, 2026 • 08:22 AM
ছবির ক্যাপশন: জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মো. মনির (২৪), ফারুক খলিফা (২৬), সোহেল আকন (২০), মো. চান মিয়া (২২), ইমরান চৌকিদার (২৪), জাফর মিয়া (২০), মো. শফিক খা (৩০), মিরাজ খাঁ (২২), মো. জলিল খাঁ (১৯) ও নুর ইসলাম মুন্সি (৬৫)।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহুরা জানান, অভিযানে জব্দ করা চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশের বিভিন্ন নদ-নদীতে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১০ জেলের কারাদণ্ড
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Oct, 2026 • 08:22 AM
বিজ্ঞাপন (Compact)