ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত মেরামতের জন্য বাসটি গ্যারেজে নেওয়া হয়েছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে অন্য একটি বাসে ঝালাইয়ের কাজ চলার সময় আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘নোঙর’ বাসটির পাশে অন্য একটি বাসের মেরামতের কাজ চলছিল। ওই বাসে আগুন লাগার পর জানালা দিয়ে আগুন বিশ্ববিদ্যালয়ের বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটির প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বলেন, আগের দিন মেরামতের জন্য বাসটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সকালে আগুন লাগার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, গ্যারেজ মালিকের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা হয়েছে। মালিকপক্ষ বাসটি সম্পূর্ণ মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি বাস ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি মেরামত করে পুনরায় চালু করার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।