আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যা, মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ

Front line Bangladesh 28 Sep, 2026 • 11:29 AM
ছবির ক্যাপশন: ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যা, মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জিসানকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।

নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়দের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নেওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম বাপ্পি। তিনি দাবি করেন, জিসান সংগঠনের একজন সক্রিয় নেতা ছিলেন। হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ
ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যা মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 11:29 AM
বিজ্ঞাপন (Compact)