মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল শহরের এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস সেখানে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে নতুন করে তৎপরতা বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।