গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির হারবাল সেকশনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।