আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Front line Bangladesh 27 Jul, 2026 • 08:31 PM
ছবির ক্যাপশন: ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদনঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য এবং আদালত ও বিচারক সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ব্যবস্থা নিয়ে তা লিখিতভাবে আদালতকে জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৭ জুলাই) সিরাজগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের (শাহজাদপুর চৌকি) বিচারক মো. শানু আকন্দ এ আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে বিচারাধীন একটি মামলায় গত ২৪ মে ইউএনও সাবরিনা শারমিনকে আদালতের ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়। তবে ইউএনও আদালতের ওই নির্দেশ উপেক্ষা করে তিনি গত ২১ জুন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। এ ঘটনায় আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি ভায়োলেশন মামলা করা হয়।

মামলার শুনানিতে আদালত উল্লেখ করেন, ইউএনও আদালতে দাখিল করা লিখিত আপত্তিতে বিচারক, আদালত ও আদালতের আদেশ সম্পর্কে আপত্তিকর, কুৎসাজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন। এসব বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। অসুস্থতার কারণ দেখিয়ে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

আদেশে বিচারক আরও বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আদালত ও বিচারকের প্রতি এ ধরনের আচরণ পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের মর্যাদা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত একই সঙ্গে ইউএনওর লিখিত আপত্তির কয়েকটি অংশ রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ জুলাই মামলায় চার্জ বা বিবেচ্য বিষয় গঠন, বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং একতরফা আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওল সাবরিনা শারমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এটি আদালতের বিচারাধীন বিষয়, তাই আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই।
ট্যাগ
ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Jul, 2026 • 08:31 PM
বিজ্ঞাপন (Compact)