আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

Front line Bangladesh 22 Oct, 2026 • 02:11 PM
ছবির ক্যাপশন: আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁর আস্থা রয়েছে বলেও জানান।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।

‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ মন্তব্যের ব্যাখ্যা

ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ বলে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্পিকার।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর দাবি, সে সময় এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যাতে সমাজের ভালো ও গ্রহণযোগ্য ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে।

হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের আমলে এ পরিস্থিতির অবসান হবে। তিনি বলেন, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। তবে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

নির্বাচনব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি নির্বাচন কমিশনকে এমন পদ্ধতি নির্ধারণের পরামর্শ দেন, যাতে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

ভোলার গ্যাস দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়েও কথা বলেন স্পিকার। তিনি জানান, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মতে, সেখানে আরও বড় গ্যাসভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে।

ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। এ বিষয়ে সরকার বিদেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও উল্লেখ করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ সুযোগ ভোলাতেই রয়েছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 02:11 PM
বিজ্ঞাপন (Compact)