চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
এ বছর গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
এ বছর পরীক্ষার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।