আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: প্রধানমন্ত্রী তারেক রহমান

Front line Bangladesh 01 Oct, 2026 • 07:23 PM
ছবির ক্যাপশন: ‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘যারা আজকে অরাজকতা তৈরি করছে দেশের মধ্যে, বিশৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে—তাদের ব্যাপারে সতর্ক করতে হবে।’

গুপ্তবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার দেশের শাসনভার ধরে রেখে মানুষের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। পরে ৫ আগস্ট মানুষ সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামলে তারা দেশ ছাড়তে বাধ্য হয়।

প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে গুপ্তবাহিনীর লোকজন বলেছে, তারা দেশে এলে রাজনীতি করতে কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, আপত্তি থাকবে কীভাবে—তারা বরাবরই একসঙ্গে ছিল।

তারেক রহমান আরও বলেন, ‘সেই ’৯১ সালেও তারা একসাথে ছিল, ’৮৬ সালেও একসাথে ছিল। গত নির্বাচনের সময়ও তারা একসাথেই তলে তলে কাজ করেছিল। এই জন্যই তো তাদেরকে গুপ্ত বলা হয়।’

বিএনপির নেতাকর্মীদের গত ১৭ বছরে নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা জেল-জুলুম, হত্যার শিকার হয়েছেন এবং গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছেন।

রাজপথের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল, মিটিং ও হরতালে অংশ নিয়েছেন। তবে যাদের কথা তিনি উল্লেখ করছেন, তাদের কাউকে সে সময় রাজপথের আন্দোলনে দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আজকে তারা এবং ওরা যারা পালিয়ে গেছে—এই স্বৈরাচার এবং গুপ্ত আবার একসাথে হয়েছে।’

বিএনপি সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার জনগণের জন্য কাজ করছে এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণ করছে। বিএনপি জনগণের জন্য কর্মসূচি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।

ফেনীতে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি

দিনব্যাপী ফেনী সফরে প্রধানমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ-সংক্রান্ত প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

ফুলগাজীর অনুষ্ঠানে ফেনীর ৭ হাজার ৬৪৩ জন কৃষককে কৃষক কার্ড এবং ৫১০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি ছিল।

ট্যাগ
‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 01 Oct, 2026 • 07:23 PM
বিজ্ঞাপন (Compact)