আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, সেদিকে তাকিয়ে দেশবাসী: নাহিদ ইসলাম

Front line Bangladesh 19 Oct, 2026 • 10:03 PM
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, সেদিকে তাকিয়ে দেশবাসী: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, দেশবাসী এখন সেদিকেই তাকিয়ে আছে।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশবাসী কিন্তু তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকাতেই মাদক প্রতিরোধ করতে পারেননি। অথচ তার ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনকে সরে যেতে হয়েছে।

নাহিদের ভাষায়, ‘আজ তার জন্য ইশরাক হোসেন কিন্তু এক ধরনের বলি হলেন।’

ইশরাকের অপরাধ কী, সরকারের কাছে প্রশ্ন নাহিদের

ইশরাক হোসেনের পদত্যাগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, তাকে কেন পদত্যাগ করতে হলো, সেটি সরকারের স্পষ্ট করা প্রয়োজন।

তিনি প্রশ্ন করেন, ইশরাক হোসেনের অপরাধটি নৈতিক, নাকি ফৌজদারি? তিনি যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

নাহিদ বলেন, ‘ইশরাক হোসেন যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, আইন প্রয়োগকারী সংস্থাকে তাহলে ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত, অন্যজন অস্ত্র নিয়ে অভিযানে

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন নিয়েও তীব্র সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ করার কথা, তিনি সেটি করছেন না। বরং সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে যার দায়িত্ব নয়, তিনি অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে যাচ্ছেন। পরে তাকেই আবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

কিন্তু কী কারণে ইশরাক হোসেনকে পদত্যাগ করতে হয়েছে, সে বিষয়েও সরকার পরিষ্কার ব্যাখ্যা দেয়নি বলে অভিযোগ করেন নাহিদ।

জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণার অভিযোগ

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে সেই সংস্কারের কথাই বলা হয়েছিল।

তার মতে, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করা প্রয়োজন ছিল। কিন্তু বর্তমান সরকার তা বাস্তবায়ন করেনি।

নাহিদ অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একপ্রকার প্রতারণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন জবাবদিহির আওতায় আনা হচ্ছে না?

সরকারের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, এর আগে একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে। এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকেও পদত্যাগ করতে হয়েছে। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

ট্যাগ
স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন সেদিকে তাকিয়ে দেশবাসী: নাহিদ ইসলাম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Oct, 2026 • 10:03 PM
বিজ্ঞাপন (Compact)