আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Front line Bangladesh 22 Oct, 2026 • 07:36 PM
ছবির ক্যাপশন: স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের সুনাম ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে কঠোর হবেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পর পাঁচ বছর শেষে বিএনপি আবার ভোট চাইতে যাবে।

জামায়াতের রাজনীতির সমালোচনা

সমাবেশে জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ভোটের সময় দলটি বেহেশতের প্রলোভন দেখায় এবং পূজামণ্ডপে যায়, কিন্তু ভোটের মৌসুম শেষ হলে জনগণের খোঁজ নেয় না। এ ছাড়া লংমার্চের নামে তেল-গ্যাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, তাদের জনগণের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু বিএনপির ভোটের প্রয়োজন রয়েছে। তাই দলটি বারবার জনগণের কাছে যাবে, তাঁদের কথা শুনবে এবং পাশে থাকবে।

এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন ছড়িয়ে দেওয়া সহজ হবে। জনগণের প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

অনুষ্ঠানে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সুধী সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ময়লা পরিবহনের ভ্যানের উদ্বোধন করেন।

ট্যাগ
স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 07:36 PM
বিজ্ঞাপন (Compact)