আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:51
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

সিটি নির্বাচনে অংশ নিতে চান ইশরাক, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ শুরুর ঘোষণা

Front line Bangladesh 19 Oct, 2026 • 05:57 PM
ছবির ক্যাপশন: সিটি নির্বাচনে অংশ নিতে চান ইশরাক, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ শুরুর ঘোষণা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের সঙ্গে এক অডিও কলে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলোচনায় সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ইশরাক দাবি করেন, তারা ঘটনাস্থলে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এ ছাড়া সেখানে প্রবেশের সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি বেরিয়ে আসেন। তখন তার নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

ইশরাক বলেন, পরিস্থিতি দেখে তিনি মনে করেছিলেন, কেউ অস্ত্র বের করছেন। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করেই কোমর থেকে নিজের পিস্তল বের করেছিলেন বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত

প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ দল তাকে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নিজের কারণে জাতীয় পর্যায়ে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হোক, সেটি তিনি চান না। এ বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ করার পরিকল্পনা

ঢাকার নগর ব্যবস্থাপনার নানা সংকট তুলে ধরে ইশরাক বলেন, রাজধানীর প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালিত নয়। ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। ফলে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও জানান, ঢাকার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করতে চান তিনি।

গেন্ডারিয়ার অভিযান ঘিরে বিতর্ক

প্রসঙ্গত, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনিযুক্ত একটি ঘরে সহযোগীদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক হোসেন।

ওই অভিযানের সময় তার অস্ত্র প্রদর্শনের ঘটনা সামনে এলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে জানা যায়।

এরপরই প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ইশরাক হোসেন।

ট্যাগ
সিটি নির্বাচনে অংশ নিতে চান ইশরাক দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ শুরুর ঘোষণা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Oct, 2026 • 05:57 PM
বিজ্ঞাপন (Compact)