নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে বিএনপির জন্য বরাদ্দ সংরক্ষিত ২৩ নম্বর নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সোমবার (১৯ অক্টোবর) বৈঠকে বসছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শূন্য হওয়া আসনটিতে মনোনয়ন পেতে ইতোমধ্যে ৬৮ জন নারী নেত্রী দলীয় ফরম জমা দিয়েছেন। তাদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের পাশাপাশি দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী ৬৮ জনের মধ্যে রয়েছেন সাবেক নারী সংসদ সদস্য, দলের জ্যেষ্ঠ নেতাদের উত্তরসূরি এবং দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নারী নেত্রীরা। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্তত চারজনকে ঘিরে দলীয় অঙ্গনে জোরালো আলোচনা চলছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলের প্রতি আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা, স্বচ্ছ ভাবমূর্তি ও ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
যেভাবে শূন্য হয় সংরক্ষিত আসনটি
গত সেপ্টেম্বরে রাজধানীর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গত ১ অক্টোবর তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। একই দিন আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর শূন্য আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
তবে বিএনপির পক্ষ থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে এবং অন্য কোনো বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না থাকলে দলীয় মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
ফলে ৬৮ মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে শেষ পর্যন্ত কে পাচ্ছেন বিএনপির দলীয় মনোনয়ন, তা জানতে আজকের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।