আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে : নাহিদ ইসলাম

Front line Bangladesh 05 Sep, 2026 • 11:23 AM
ছবির ক্যাপশন: লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে ‘আপামর জনতার লংমার্চ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে কোনো বাধা দেওয়া হলে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৭টায় সমাবেশ শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ নিয়ে চলমান সংকটের মধ্যে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর জনতার লংমার্চ।

তিনি বলেন, ‘নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে—এই লংমার্চ তাদের বিরুদ্ধে। যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে।’

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ঐতিহাসিক এক দফার দাবিতে সারা দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে লংমার্চের মাধ্যমে নতুন করে স্বৈরাচারী প্রবণতা বন্ধ করার বার্তা দেওয়া হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের এই লংমার্চ সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। যারা সিন্ডিকেট করে তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে। যারা ৭০ শতাংশ মানুষের ভোটের সঙ্গে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধেও।’

সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। তিনি বলেন, ‘জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হলে তা প্রতিহত করার কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। দিনে দিনে মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প ও ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই।

তিনি আরও বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে মানুষ হতাশ হতে শুরু করেছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি, দলীয়করণ না করার অঙ্গীকারসহ বিভিন্ন বিষয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

ট্যাগ
লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে : নাহিদ ইসলাম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 11:23 AM
বিজ্ঞাপন (Compact)