বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের ছবি ফেসবুকে পোস্ট করার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের সব পদ থেকে বহিষ্কার হয়েছেন হাসিবুল ইসলাম মারুফ। তিনি নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান তার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। একই দিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসিবুল ইসলাম মারুফকে সংগঠনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মারুফ। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় জেলা ছাত্রদল।
বহিষ্কারের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন মারুফ। তিনি দাবি করেন, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড বা নেশাগ্রস্ত হওয়ার কারণে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল গণমাধ্যমকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
