ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ব্রিকস সম্মেলন তো অনেক দেরি। এক মাসে অনেক কিছুই পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে সামনে রাষ্ট্রপতি নির্বাচন এবং আবারও পার্লামেন্টের অধিবেশন বসবে। পাশাপাশি সাংবিধানিক অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। এসব নিয়ে সরকার ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত।
তিনি বলেন, সবকিছু মিললে অবশ্যই ভারত, জাপানসহ বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফর হবে। তবে এসব সফর নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক। তবে কোনো সফরই এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার ভিত্তিতেই সফরের সময় ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে।
তিনি বলেন, ভারতেরও উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে বাংলাদেশের জনগণ সেটি ভালোভাবে নেয় না।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই এখনো মানুষের মনে জাগ্রত। রক্তের দাগ এখনো শুকায়নি। তাই এ বিষয়টি থেকে অবশ্যই সংবেদনশীল হতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখনই বৈঠকে বসবেন, তখন অনেক সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশও সেটিই আশা করে এবং ভারতও বিষয়টি মনে রাখবে বলে প্রত্যাশা করে।
তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ কোনো বিদেশ সফরই এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রধানমন্ত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।