আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:51
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

প্রশ্নফাঁসে নিয়োগ পরীক্ষা স্থগিত, তিন লাখ চাকরিপ্রার্থীর ক্ষতি নিয়ে হাসনাতের ক্ষোভ

Front line Bangladesh 10 Oct, 2026 • 03:53 PM
ছবির ক্যাপশন: প্রশ্নফাঁসে নিয়োগ পরীক্ষা স্থগিত, তিন লাখ চাকরিপ্রার্থীর ক্ষতি নিয়ে হাসনাতের ক্ষোভ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ ঘটনায় প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি, ভোগান্তি ও সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে প্রশ্নফাঁসে জড়িতদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি প্রশ্ন তোলেন, প্রশ্নফাঁসের কারণে তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় কে নেবে?

ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন লাখ বেকার চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। তাঁদের কেউ টিউশনির টাকা জমিয়ে, আবার কেউ ধারদেনা করে চাকরির আশায় রাজধানীতে এসেছেন। অথচ আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনাকে ‘নির্মম রসিকতা’ আখ্যা দিয়ে হাসনাত বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির দায় সংশ্লিষ্টদের নিতে হবে। পুনরায় পরীক্ষা আয়োজন করতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে, যা জনগণের টাকা। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দীর্ঘদিন নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ কার্যক্রম না থাকার পর যখন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তখন প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। প্রায় ২০০টি পদের বিপরীতে তিন লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণকে দেশের বেকারত্বের একটি বড় চিত্র হিসেবে উল্লেখ করেন তিনি। নিয়োগে অনিয়ম ও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত আমলা, সরকারি কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার, তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে হাসনাত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাঁকে দায়বদ্ধতার জায়গা থেকে পদত্যাগ করতে হবে। আর মন্ত্রী নিজেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তা নির্মূল করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ
প্রশ্নফাঁসে নিয়োগ পরীক্ষা স্থগিত তিন লাখ চাকরিপ্রার্থীর ক্ষতি নিয়ে হাসনাতের ক্ষোভ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Oct, 2026 • 03:53 PM
বিজ্ঞাপন (Compact)