আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

দুই মন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শাহবাগে নামছে এনসিপি

Front line Bangladesh 23 Oct, 2026 • 06:56 PM
ছবির ক্যাপশন: দুই মন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শাহবাগে নামছে এনসিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারার অভিযোগ আনা হয়েছে।

এনসিপির তিন দফা দাবি

গণবিক্ষোভ কর্মসূচি থেকে তিনটি প্রধান দাবি জানিয়েছে দলটি। দাবিগুলো হলো—

1. ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

2. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

3. সাইবার আইনসহ সব কর্তৃত্ববাদী আইন বাতিল করতে হবে।

নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার অভিযোগ

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধূলিসাৎ হতে বসেছে।

দলটির অভিযোগ, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিয়ত এসব ঘটনার শিকার হচ্ছেন। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ তুলে ধরে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও একজন গুলিতে নিহত হন।

এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনেই ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১১৩ জন নিহতের দাবি

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যের বরাত দিয়ে এনসিপি জানিয়েছে, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন নিহত হয়েছেন।

একই সময়ে গণপিটুনিতে ১৮৭ জন নিহত এবং ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলটির দাবি, ধর্ষণের শিকার ব্যক্তিদের অধিকাংশই শিশু।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেছে এনসিপি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি জানিয়েছে, চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

এনসিপির দাবি অনুযায়ী, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি গ্যাসের দাম বর্তমানে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। একইভাবে অনেক পরিবারের মাসিক বিদ্যুৎ বিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

দলটির বিজ্ঞপ্তিতে তুলে ধরা কয়েকটি নিত্যপণ্যের দাম—

পণ্যের নাম

এনসিপির দাবি অনুযায়ী বর্তমান দাম

সয়াবিন তেল (প্রতি লিটার)

২০০–২১০ টাকা

চাল (প্রতি কেজি)

৭০–৯০ টাকা

মসুর ডাল (প্রতি কেজি)

১৫০–১৬০ টাকা

ডিম (প্রতি ডজন)

১৪০–১৪৫ টাকা

এ ছাড়া রসুন, টমেটো, ময়দা, করলা, বরবটি, শুকনা মরিচ ও বেগুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম নিয়েও উদ্বেগ জানিয়েছে দলটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগের গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

ট্যাগ
দুই মন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শাহবাগে নামছে এনসিপি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Oct, 2026 • 06:56 PM
বিজ্ঞাপন (Compact)