জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রাখা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. সালমান হোসেন সভাপতি, হাসিবুল হাসান সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
