জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকালে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তাঁর বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বাড়ির সামনের জানালাসহ কয়েকটি স্থানের কাচ ভেঙে গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জি এম কাদেরের অভিযোগ, মিছিল নিয়ে একদল লোক তাঁর বাসার সামনে এসে হইচই শুরু করে এবং তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেয়। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। এতে বাড়ির জানালাসহ কয়েকটি স্থানের কাচ ভেঙে যায়।
তিনি আরও বলেন, হামলাকারীরা তাঁকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করে। পরে পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ কেন এ হামলা হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ হামলা চালিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।
হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।