আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপি-সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী

Front line Bangladesh 01 Sep, 2026 • 02:15 PM
ছবির ক্যাপশন: জনগণের আস্থা ধরে রাখাই বিএনপি-সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার মাধ্যমে বিএনপিকে তাদের আস্থা ধরে রাখতে হবে।

তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই নীতি, আদর্শ ও দর্শনের পতাকা ধারণ করেই দল এগিয়ে যাচ্ছে।

বিএনপির এই নেতা দাবি করেন, শিক্ষা, সংস্কৃতি, বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মতে, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নাগরিক স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের চর্চার সুযোগ তৈরি হয়।

এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া ৯ বছর আপসহীন সংগ্রাম করেছেন। নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে আসেননি।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, বছরের পর বছর কারাবন্দি থাকা, যথাযথ চিকিৎসা ও মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ার পরও তিনি কোনো আপস করেননি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনেও তিনি মূল প্রেরণা ছিলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে তারেক রহমান দলের দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন পরবর্তীতে জুলাইয়ের গণআন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশ বা বিএনপি সরকারের সংকট নয়, বরং বৈশ্বিক সংকটের অংশ। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি বহনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার বরাদ্দের বাইরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং পুনরায় গ্যাস রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার তুলে ধরে রিজভী বলেন, ১৭ বছরের সংগ্রাম, ৩১ দফা, নির্বাচনি ইশতেহার এবং বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

ট্যাগ
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপি-সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 01 Sep, 2026 • 02:15 PM
বিজ্ঞাপন (Compact)