আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

গণভোটের রায় মানা না হলে রাজনীতিতে সংকট হবে: জামায়াত আমির

Front line Bangladesh 02 Sep, 2026 • 06:10 PM
ছবির ক্যাপশন: গণভোটের রায় মানা না হলে রাজনীতিতে সংকট হবে: জামায়াত আমির

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের এবং জনগণের স্বার্থে সরকারের ভালো কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি অবস্থান নেবে। তবে সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

তিনি বলেন, ‘আমরা রাজপথের সব আন্দোলনই ননভায়োলেন্ট করতে চাই।’

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সমাজে বিদ্যমান জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেছেন জামায়াতের আমির। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে দলটির প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

গোলাম পরওয়ার জানান, মতবিনিময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস, সংকীর্ণ দলীয়করণসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের পক্ষ থেকে জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মতে, দলগুলোর পরিষ্কারভাবে জানানো উচিত—তারা গণভোটের রায় মেনে নেবে কি না।

গোলাম পরওয়ার আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ভূমিকার প্রশংসা করেছেন টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা।

মতবিনিময় সভায় গণমাধ্যমের দায়িত্ব নিয়েও কথা বলেন শফিকুর রহমান। গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, বিরোধীদলীয় নেতা বলেন, সংবাদ পরিবেশন যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে জামায়াতের ভুল-ত্রুটি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীরা চাকরির নিরাপত্তাসহ ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা জানান, প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় বেতন কাঠামো, ওয়েজ বোর্ডসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সুবিধার ঘাটতি রয়েছে।

এসব সমস্যা একটি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির—জানান গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদক, প্রধান নির্বাহী, হেড অব নিউজ ও বার্তা বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
গণভোটের রায় মানা না হলে রাজনীতিতে সংকট হবে: জামায়াত আমির
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 02 Sep, 2026 • 06:10 PM
বিজ্ঞাপন (Compact)