দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তার দাবি, পরিস্থিতির কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামতে হয়েছে। তবে শুধু ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে আবারও সামনে এনেছে বলে মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সামগ্রিকভাবে অকার্যকর অবস্থায় রয়েছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, বাংলাদেশের সীমান্ত অরক্ষিত থাকায় সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু এ পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে—সরকারের এমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ সময় ইশরাকের পদত্যাগের পেছনে অস্ত্র হাতে অভিযানে নামার ঘটনা ছাড়াও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কোনো বিষয় রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
আখতার হোসেন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু লোকদেখানো উদ্যোগ কিংবা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে প্রকৃত অর্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি দাবি জানান তিনি।