আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

Front line Bangladesh 18 Oct, 2026 • 06:06 PM
ছবির ক্যাপশন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের কাছে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্ছেদের ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। তবে এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তা অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ওই আইনের আওতায় আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানানো হলেও, এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষাপট, বিচারপ্রক্রিয়া এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।

ট্যাগ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Oct, 2026 • 06:06 PM
বিজ্ঞাপন (Compact)