পূজামণ্ডপ পরিদর্শন, জনসভা ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলা সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসে করে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় বাস থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখানে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এই সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।