আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

Front line Bangladesh 10 Aug, 2026 • 06:42 PM
ছবির ক্যাপশন: সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সর্বশেষ এই মামলাতেও জামিন পাওয়ায় তার মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল ছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তাকে বনানী থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সোমবার সেই মামলাতেও জামিন পেলেন তিনি।

আট মামলায় জামিন

আইনজীবীদের তথ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন সময়ে মোট আটটি মামলায় জামিন পেয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। সর্বশেষ বনানী থানার মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই বলে দাবি করেছেন তারা।

গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এর আগে ৩০ জুন একই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।

পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

খোয়াইব হত্যা মামলায় কী অভিযোগ

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে তাদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে।

মামলায় বলা হয়েছে, শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব।

পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

একের পর এক মামলায় গ্রেপ্তার

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে একে একে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে সেই মামলাতেও জামিন পান সাবেক প্রধান বিচারপতি।

এবার বনানী থানার হত্যাচেষ্টা মামলায়ও জামিন পাওয়ায় দীর্ঘদিন পর কারামুক্তির পথ খুলল তার।

ট্যাগ
সব মামলায় জামিন মুক্তিতে বাধা নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Aug, 2026 • 06:42 PM
বিজ্ঞাপন (Compact)