রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত করা ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
পথচারীদের কাছে সরাসরি জানতে চাইলেন প্রধানমন্ত্রী
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর সাধারণ মানুষের চলাচলে কতটা সুবিধা হয়েছে, তা জানতে চান।
তিনি পথচারীদের কাছে জানতে চান, বর্তমানে ফুটপাত দিয়ে হাঁটাচলা করতে কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না। পাশাপাশি নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো অভিযোগ বা ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।
এ সময় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী।
ফুটপাত পথচারীদের জন্য, দখলমুক্ত রাখার নির্দেশ
প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই এসব জায়গা দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।
তিনি ফুটপাতগুলো ব্যবহার উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে পথচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।