বিরোধী দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল শুধু সরকারের নয়, শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল উভয়েই জনগণের কাছে গিয়েছে। জনগণই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে এবং কারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ‘আমরা মনে করি, আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’
বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা শহীদদের সঙ্গে প্রতারণা
বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।
তারেক রহমান বলেন, ‘বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে তা হওয়া উচিত গঠনমূলক।’
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সব বিষয়ে মতের মিল না থাকতেই পারে। তবে দেশের মানুষের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
৭১ ও ২৪-এর আন্দোলনের লক্ষ্য একই ছিল
বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ের মূল লক্ষ্য ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানের ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।