ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সোমবার (৩১ আগস্ট) এ আদেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ নিষেধাজ্ঞা জারি করেন।
পলায়ন ঠেকাতে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালীন অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
আদালত দুদকের আবেদন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী—দুজনেরই বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের কারাগারে আটক রয়েছেন।