আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

ফ্যামিলি কার্ডে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক

Front line Bangladesh 06 Oct, 2026 • 02:21 PM
ছবির ক্যাপশন: ফ্যামিলি কার্ডে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক

একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচি একত্রিত করে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করার পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে বাংলাদেশের অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ’ প্রতিবেদনে এ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

বিশ্বব্যাংক বলেছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। বর্তমানে সবচেয়ে দরিদ্র প্রায় অর্ধেক পরিবারই কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার বাইরে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচি একত্রিত করা, বিদ্যমান নগদ সহায়তার সুবিধাভোগী নির্বাচন আরও কার্যকর করা এবং এর সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকৃত দরিদ্র মানুষের কাছে সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়বে।

এ ক্ষেত্রে সরকারের ‘ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি’ বাস্তবায়ন ও সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্বব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে প্রমাণভিত্তিকভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষ শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তার পাশাপাশি জ্বালানি ও কৃষি ভর্তুকিও দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। তবে কারা এসব সুবিধার সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তা যথাযথভাবে শনাক্ত করা না গেলে সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা কঠিন।

অর্থনীতিতে সংস্কারের তাগিদ

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত সংস্কার প্রয়োজন।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক দক্ষিণ এশিয়া অর্থনৈতিক হালনাগাদও ৬ অক্টোবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বিনিয়োগ কমে যাওয়া, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি এবং মূল্যস্ফীতির চাপের কারণে অর্থনীতিতে চাপ অব্যাহত থাকার কথা তুলে ধরা হয়েছে। ব্যাংকিং খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, দরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি সেই সহায়তা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এজন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করার পাশাপাশি অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

ট্যাগ
ফ্যামিলি কার্ডে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Oct, 2026 • 02:21 PM
বিজ্ঞাপন (Compact)