আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

দেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ, যথাযথ ব্যবহার হচ্ছে না: নৌমন্ত্রী

Front line Bangladesh 15 Oct, 2026 • 01:08 PM
ছবির ক্যাপশন: দেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ, যথাযথ ব্যবহার হচ্ছে না: নৌমন্ত্রী

দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমুদ্রের সম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না। সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে নিয়ন্ত্রিত ব্যবহার ও সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো—বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা সৌভাগ্যবান জাতি যে আমাদের সমুদ্র, নদী এবং জলরাশির আধিক্য অনেক বেশি। প্রায় ১৬ হাজার কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে প্রাকৃতিকভাবে। কিন্তু আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি না। আমরা এই খাতের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

তিনি আরও বলেন, সমুদ্রের সম্পদ আহরণ করতে গিয়ে সম্ভাবনাময় এই খাতকে পরিবেশগত ঝুঁকিতে ফেলা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন উপলব্ধি করছে, সমুদ্রকে সুরক্ষা দিতে হবে। সমুদ্রের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে নিয়ন্ত্রিত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবহার নিশ্চিত করা জরুরি। অন্যথায় অল্প সময়ের মধ্যেই এসব সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।

চট্টগ্রাম, মোংলা ও মাতারবাড়ী বন্দরের উন্নয়নে উদ্যোগ

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের সুবিধাসম্পন্ন গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

বন্দর পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকে বাংলাদেশে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লালদিয়া ও পানগাঁওসহ বিভিন্ন বন্দর ও টার্মিনালের কার্যক্রমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকেও কনটেইনার টার্মিনালের কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তেল-গ্যাস অনুসন্ধানে আধুনিক প্রযুক্তির প্রয়োজন

মন্ত্রী বলেন, সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে জ্বালানি, লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহারসহ সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। মাছ আহরণ থেকে শুরু করে সমুদ্রের তলদেশে তেল-গ্যাস অনুসন্ধান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো সমুদ্রসীমা নির্ধারণের পর তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অগ্রসর হলেও বাংলাদেশ এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

সামুদ্রিক খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ থাকলেও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ফিলিপাইনের মতো দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন মন্ত্রী।

বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় সরকার

বিদেশি বিনিয়োগকারী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে আসতে চায়, সরকার সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত।

ফসিল জ্বালানি থেকে সবুজ জ্বালানিতে রূপান্তরের বিষয়ে তিনি বলেন, উন্নত বিশ্বে এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সক্ষমতা ও সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। নতুন প্রযুক্তিতে রাতারাতি রূপান্তর অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করে। তাই পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যেতে হবে।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে সামুদ্রিক ও অফশোর শিল্পের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। এতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন রয়েছে।

সামুদ্রিক পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর পরিচালনা ও অফশোর কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ট্যাগ
দেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ যথাযথ ব্যবহার হচ্ছে না: নৌমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Oct, 2026 • 01:08 PM
বিজ্ঞাপন (Compact)