নিজস্ব প্রতিবেদক | ফ্রন্টলাইন বাংলাদেশ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই কমিশনার সাংবাদিক এস. এ. এম. মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যরা জনগণের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তথ্য কমিশনে নতুন নিয়োগ
এর আগে, গত শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেয় সরকার।
একই সঙ্গে সাংবাদিক এস. এ. এম. মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এ পদে নিয়োগ প্রদান করেন।
নবনিযুক্ত কমিশনের সামনে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।