আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

Front line Bangladesh 21 Oct, 2026 • 11:29 AM
ছবির ক্যাপশন: কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মাধ্যমে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো।

চালানটি প্রকল্প এলাকায় পৌঁছালে সেখানে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা জ্বালানিবাহী গাড়িটিকে স্বাগত জানান।

এর আগে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে সড়কপথে জ্বালানিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের এই চালান গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে জ্বালানিটি আনা সম্ভব হয়নি। পরে জটিলতা কাটিয়ে নতুন সূচি অনুযায়ী ২ অক্টোবর চালানটি দেশে আনা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের নির্ধারিত সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা। এ সময়ে মোট ৯টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এর আগে কয়েক ধাপে ইউরেনিয়ামের চালান দেশে আনা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়। সর্বশেষ ৩ অক্টোবর ওই ইউনিটের জন্য জ্বালানির চালান আসে। এবার দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর মধ্য দিয়ে ইউনিটটির জ্বালানি সরবরাহ কার্যক্রমও এগিয়ে গেল।

এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি ইউনিটটির সেফটি ভাল্বের ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে ক্রিটিক্যালিটি পর্যায়ে যাওয়ার আগে আরও তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নির্ধারিত সময়ে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা সম্ভব হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।

ট্যাগ
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Oct, 2026 • 11:29 AM
বিজ্ঞাপন (Compact)