ফ্রন্টলাইন বাংলাদেশ | ঢাকা
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান প্রকল্প ‘রূপান্তর’। পরিবেশের উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় নেওয়া এই উদ্যোগকে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে সুন্দরভাবে পরিবর্তন করা সম্ভব। আমিনবাজারের এই উদ্যোগ তার একটি উদাহরণ। দুই মাস আগেও এলাকাটি বর্জ্যের স্তূপে ভরা ছিল। বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে স্থানীয় বাসিন্দাদের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি নির্মল বাতাসে শ্বাস নেওয়ার সুযোগও বেড়েছে।
পরিবেশের সৌন্দর্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার উদ্যোগ নিয়ে এলাকাটিকে সুন্দরভাবে গড়ে তুলেছে। এখন এই সৌন্দর্য রক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারকে সহযোগিতা করলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।
প্রকল্পটি চার কিলোমিটার এলাকার বাইরেও সম্প্রসারণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ জন্য ঢাকা জেলা প্রশাসককে মহাসড়কের দুই পাশে অবস্থিত মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে আশপাশের খালি জায়গাগুলো ভাগ করে পরিচর্যার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক ধরে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে ৩০ ফুট পর্যন্ত উঁচু বর্জ্যের স্তূপ তৈরি হয়েছিল। এতে এলাকাজুড়ে দুর্গন্ধ ও পরিবেশদূষণের সমস্যা সৃষ্টি হয়।
গত জুলাই মাসে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বর্জ্যের স্তূপ ও দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। পরে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। প্রায় তিন মাসের প্রচেষ্টায় জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য সরিয়ে এলাকাটিকে সবুজায়নের আওতায় আনা হয়।
সংশ্লিষ্টদের আশা, ‘রূপান্তর’ প্রকল্পের মাধ্যমে আমিনবাজার-হেমায়েতপুর এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে এবং মহাসড়কের পাশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ অনুসরণযোগ্য হতে পারে।