আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

Front line Bangladesh 20 Oct, 2026 • 02:31 PM
ছবির ক্যাপশন: হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৫৪তম মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির, হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফার্সের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি প্রতিহত ও ধ্বংস করে আইআরজিসি। ইরানি বাহিনীর দাবি, এটি যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন, যা তারা ভূপাতিত করেছে।

এমকিউ-৯ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চালকবিহীন আকাশযান। জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত এই ড্রোন মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়।

ড্রোনটি একটানা প্রায় ২৭ ঘণ্টা বা তারও বেশি সময় আকাশে অবস্থান করতে পারে এবং প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও লেজার-নির্দেশিত বোমাসহ বিভিন্ন অস্ত্র বহন করা যায়। সংস্করণ ও সরঞ্জামভেদে একটি এমকিউ-৯ ড্রোনের আনুমানিক মূল্য কয়েক কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় কয়েক শ কোটি টাকার সমান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর জবাবে তেহরান অঞ্চলটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

পরবর্তী সময়ে জুনে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে সমঝোতার বাস্তবায়ন থমকে যায়।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই জলপথে সামরিক উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর প্রভাব পড়তে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ট্যাগ
হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Oct, 2026 • 02:31 PM
বিজ্ঞাপন (Compact)