আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সৌদি আরবের রাজধানীর কাছে ৩ ড্রোন প্রতিহত, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

Front line Bangladesh 13 Oct, 2026 • 08:06 PM
ছবির ক্যাপশন: সৌদি আরবের রাজধানীর কাছে ৩ ড্রোন প্রতিহত, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে তিনটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি এ তথ্য জানায়।

তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, কারা সেগুলো পাঠিয়েছে কিংবা সেগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু কী ছিল—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ড্রোন ধ্বংসের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটেছে। বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে যুবরাজকে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে। এসব প্রাসাদে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বাংকারের সুবিধা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী যুবরাজকে সর্বশেষ ৬ অক্টোবর জনসমক্ষে দেখা যায়। সেদিন তিনি সৌদি আরবের একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তাঁর জনসমক্ষে অনুপস্থিতির কারণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় যুবরাজের নিরাপত্তায় তাঁর পছন্দের একটি বিশেষ দল নিয়োজিত রয়েছে।

এদিকে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটও স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে তাদের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। বিমানবন্দরের কার্যক্রম ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদিগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

ট্যাগ
সৌদি আরবের রাজধানীর কাছে ৩ ড্রোন প্রতিহত বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Oct, 2026 • 08:06 PM
বিজ্ঞাপন (Compact)