যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। রোববার (৪ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যম নুরনিউজের বরাত দিয়ে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে একতরফা দাবি চাপিয়ে দেওয়া বা আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুনের ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ইরানের শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল চালুর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
আরাঘচি বিদেশি কূটনীতিকদের বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে।
তবে সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইরান আগের চেয়ে আরও প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, সামরিক সমাধানের পথে এগোলে নিজেদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।
ইরানের এই অবস্থানের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক করা এবং দুই পক্ষের প্রস্তাব বাস্তবায়নের ক্রম ও শর্ত।