আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

Front line Bangladesh 16 Aug, 2026 • 05:46 PM
ছবির ক্যাপশন: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হবে না। বিষয়টি আদালতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে। সেখানে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের প্রচলিত আইনেও অপরাধ হিসেবে গণ্য কি না, তা খতিয়ে দেখা হবে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়ায় আদালত মূলত যাচাই করবে—যেসব অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের আইনি কাঠামোতেও অপরাধ হিসেবে বিবেচিত কি না।

অন্যদিকে, আরেক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ৫ আগস্ট দিল্লিতে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বরেই ফিরে যেতে চাই।’

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নির্ধারিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদনের সঙ্গে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র সংযুক্ত রয়েছে।

প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, দিল্লিতে একটি নিরাপদ স্থানে অবস্থান করে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। দলের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের পাশাপাশি নিজেকে ফিট রাখতে নিয়মিত টেবিল টেনিসও খেলছেন তিনি।

তবে ভারতের আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে সেটিকে আইনি পথে চ্যালেঞ্জ করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের প্রতিনিধিদের। তাদের যুক্তি হতে পারে, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়টি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, যখন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আদালতে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তরের বিধান রয়েছে। তবে চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক প্রকৃতির অপরাধকে প্রত্যর্পণের আওতামুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে হত্যা, নরহত্যা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো ১২ ধরনের গুরুতর অপরাধকে এ ব্যতিক্রমের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা (সিপিভি) বিভাগ এবং আদালতের নিয়োজিত ম্যাজিস্ট্রেটের আইনি পর্যালোচনার মধ্য দিয়ে এগোবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন।

ট্যাগ
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের: ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 05:46 PM
বিজ্ঞাপন (Compact)