আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:39
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসের সর্বোচ্চ

Front line Bangladesh 22 Oct, 2026 • 06:23 PM
ছবির ক্যাপশন: মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল অবকাঠামোতে হুতিদের আক্রমণের ঘটনায় অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। এর প্রভাবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৫ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। গত ১৮ মে’র পর এটিই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।

পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও দেশটির তেল অবকাঠামোতে হুতিদের হামলা নতুন উদ্বেগ তৈরি করেছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে সংঘাত-পূর্ববর্তী সময়ের তুলনায় বেশি তেল রপ্তানির খবরও বাজারের উদ্বেগ কমাতে পারছে না।

ভার্গার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত কমার উল্লেখযোগ্য সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে।

এদিকে, মরগান স্ট্যানলির বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে বলে তাঁদের অনুমান।

সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবে নিজেদের কূটনৈতিক উপস্থিতি কমানোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোর কিছু কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।

এরই মধ্যে বুধবার সৌদি আরবের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়েছে, দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিকেও বুধবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে এসব বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া মার্কিন বাহিনীর সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আবারও লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি, সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা—সব মিলিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সূত্র: রয়টার্স, দ্য স্টার

ট্যাগ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ ৫ মাসের সর্বোচ্চ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 06:23 PM
বিজ্ঞাপন (Compact)