রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে মন্দিরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শস্যবোঝাই একটি ট্রাক চিন্নরের দিক থেকে আসার সময় রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে পুলিশের চেকপোস্টের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায় ট্রাকটি। পরে সেটি মন্দিরের বাইরের দেওয়াল ও প্রধান গেটে সজোরে ধাক্কা দেয়।
গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ১২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। অন্যরা তুলনামূলকভাবে সামান্য আঘাত পেয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আকস্মিক এ দুর্ঘটনায় মন্দির এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ধর্মীয় উপাসনাস্থলের পরিবেশ শোকাবহ হয়ে ওঠে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সবাই মন্দিরে আসা ভক্ত। তাঁরা একটি বড় দলের সঙ্গে ধর্মীয় উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি।