ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টির আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার পর তাঁকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেন ইমরান খান। ছবিতে তাঁকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, একই দিন দিল্লির যন্তরমন্তরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ পার্টি। তবে পুলিশ বিক্ষোভকারীদের সেখানে পৌঁছাতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ নেতাদের দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে কাউকে জমায়েত বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।
তবে আন্দোলনকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ আয়োজনের অনুমতি চেয়ে তাঁরা পুলিশকে ই-মেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।
তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী
দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রাহুল গান্ধী লেখেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”
ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ আন্দোলন চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি