বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়। ওই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়।”
তিনি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী তারেক রহমানকে) আমন্ত্রণের যে ব্যাপারটি উল্লেখ করলেন, আমরা দ্বিপক্ষীয় সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে আমরা আপনাদের আরও পরবর্তী তথ্য জানাব।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, দুই পৃথক উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র পাঠানো হয়েছে। এর একটি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এবং অন্যটি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ।
রণধীর জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।