যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম জোনাথন ম্যাককিনসি, বয়স ৪০ বছর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন। দুজনের বয়সই ৭৭ বছর। তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা ও একাধিক অভিযোগ আনা হয়েছে।
নিউইয়র্ক টাইমসও ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি প্রতিষ্ঠানটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে ম্যাককিনসির মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা পরপর কয়েকটি গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি জানান, তিনি একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং তার মাথা ও বুকে রক্ত দেখতে পান। তার মেয়ের ভাষ্য, রাজাভি ওই দম্পতিকে একসঙ্গে হেঁটে যেতে এবং গুলির ঘটনার পরও স্বাভাবিকভাবে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন।
ঘটনার কয়েক মিনিটের মধ্যে পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির পরও তারা ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন।
তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
গ্রেপ্তার দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। হত্যার অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
তাদের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি বিবিসির প্রতিবেদন