ভারতের দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁকে আটক করা হয়।
হিন্দুস্তান টাইমস ও এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পাঁচ সংসদ সদস্যকেও আটক করা হয়। তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
প্রতিবেদনে বলা হয়, দিল্লি পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী ওই এলাকায় ধর্না-অবস্থান এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েতের অনুমতি নেই। পুলিশ তাঁকে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি রাজি হননি।
এরপর দিল্লি পুলিশের সদস্যরা তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই দিনে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও দিল্লি পুলিশ আটক করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁদের আটকের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।