ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দিল্লি পুলিশ। এর ধারাবাহিকতায় কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা পিনারাই বিজয়নকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর (সিপিআইএম) সংসদ সদস্য জন ব্রিটাস।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় ব্রিটাস এ তথ্য জানান। ভিডিওতে তাঁকে পিনারাই বিজয়ন ও কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালের সঙ্গে দেখা যায়।
ব্রিটাসের দাবি, তাঁদের আটক করে প্রথমে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট রাখার পর পুলিশ জিপে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তাঁদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওবার্তায় ব্রিটাস বলেন, তাঁদের পুলিশ জিপে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছে। তাঁর অভিযোগ, দিল্লিতে মানুষের মৌলিক নাগরিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং শহরটি কার্যত পুলিশের নিয়ন্ত্রণে চলে গেছে।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে দিল্লি ও আশপাশের এলাকায় ধরপাকড় চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের সময় আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দিল্লি পুলিশ এবার আগে থেকেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়। রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লির ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া হযরত নিজামুদ্দিন ও নয়াদিল্লি স্টেশনে আসার কথা ছিল—এমন ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন এবং ৩০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে ২৪ ঘণ্টার জন্য যন্তরমন্তরের চারপাশের চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকায় এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে সিজেপির তিন শীর্ষ সংগঠক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা, দলের আইন শাখার প্রধান রত্না সিংহ এবং ইউটিউবার-ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি রয়েছেন বলে দাবি করা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি