নিজস্ব প্রতিবেদক | ফ্রন্টলাইন বাংলাদেশ
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার সংকেত পাওয়ার পর ঢাকায় জরুরি অবতরণ করেছেন পাইলট। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের। সি৯০এ মডেলের উড়োজাহাজটিতে রোগী অঞ্জনা ভৌমিক ছাড়াও একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, রোগীর দুই স্বজন এবং একজন সহকারী পাইলট ছিলেন। উড়োজাহাজের সব আরোহী ভারতীয় নাগরিক।
বিমানবন্দর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগরতলা থেকে কলকাতার একটি হাসপাতালের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর প্রবল বাতাসের মধ্যে উড়োজাহাজটির একটি দরজা খুলে যাওয়ার সংকেত পান পাইলট ক্যাপ্টেন পুণ্য অনুপ।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঝুঁকি এড়াতে তিনি নিকটবর্তী বিমানবন্দর হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত অবতরণের অনুমতি দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
দুপুর দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। এর আগেই রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। অবতরণের পর দ্রুত অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যম কালবেলাকে জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, প্রবল বাতাসের মধ্যে পড়ে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার সংকেত পান পাইলট। এরপর তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
তিনি আরও জানান, উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। এ ছাড়া রোগীর চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং রোগীর দুই সঙ্গী শান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র উড়োজাহাজটিতে ছিলেন।
বিমানবন্দরের আরেক কর্মকর্তা জানান, নিহত নারী ও উড়োজাহাজের অন্য আরোহীদের ভারতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।