দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারি সূত্রে এসব তথ্য জানা গেছে। অপর একটি সূত্রের বরাতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে মোট ২৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর পেরেইরায়। সেখানে ১০১ জনের মৃত্যু হয়েছে। এরপর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটির অন্যতম বৃহৎ শহর কালিতে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো প্রদেশের সান হোসে দেল পালমারে। ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ইউএসজিএস। এতে বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে মাত্র তিন দিন আগে দেশটির নতুন প্রেসিডেন্ট অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা শপথ নিয়েছেন। তার শপথ গ্রহণের পরপরই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চোকো প্রদেশ ইতোমধ্যে পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট অ্যাবেলার্দো। দুর্গত মানুষের সহায়তায় ১ হাজার ৮০ কোটি ডলারের বেশি অর্থের একটি সহায়তা বাজেটও ঘোষণা করেছেন তিনি।
উদ্ধারকাজ এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।