ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) কলকাতার উত্তরাঞ্চলের চোরবাগান সার্বজনীন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়, এরপরই পদদলন
কলকাতা পুলিশের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার অন্তর্গত চোরবাগান সার্বজনীন পূজা প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে।
ওই সময় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচতে প্যান্ডেলের ভেতরে বিপুলসংখ্যক দর্শনার্থী আশ্রয় নেন। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অনেকে পদদলিত হন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ঘটনার পর মোট ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
‘প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু’
ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএনআইকে জানান, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে হাসপাতালে নেওয়া হয়।
ওই প্রত্যক্ষদর্শীর অভিযোগ, প্যান্ডেলে প্রবেশ ও বের হওয়ার দুটি পথই ছিল অত্যন্ত সরু। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না।
তিনি জানান, দুর্ঘটনায় তার মেয়ে ও নাতি আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্ধ ঘোষণা করা হয়েছে পূজামণ্ডপ
পদদলনের ঘটনায় প্রাণহানির পর চোরবাগান সার্বজনীন পূজা প্যান্ডেল দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শোক প্রকাশ মোদি ও মমতার
এ মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোক জানিয়েছেন।
তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উৎসবের আনন্দের মধ্যে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।