আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান ফ্রান্স-জার্মানিসহ ৮ দেশের

Front line Bangladesh 24 Oct, 2026 • 12:37 PM
ছবির ক্যাপশন: ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান ফ্রান্স-জার্মানিসহ ৮ দেশের

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা না চালিয়ে কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে দেশগুলোর প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।

বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সতর্ক করে বলেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকে অংশ নেওয়া কোনো দেশই ইরানে নতুন সামরিক হস্তক্ষেপ বা হামলার পক্ষে নয়। তাঁর মতে, যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতি ও সংলাপই সবচেয়ে কার্যকর পথ।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বাড়লে কোনো পক্ষই লাভবান হবে না। বরং এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে উত্তেজনা কমানো জরুরি। শুধু সামরিক শক্তি প্রয়োগ করে এ সংকটের সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ওয়াশিংটন চাইলে শনিবার বা রোববারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতার পথেও প্রস্তুত বলে দাবি করেন তিনি।

ব্যারাকের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়; বরং হুমকি ও জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

বৈঠকে ইসরায়েলের গাজা যুদ্ধ, ইয়েমেনের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। হাকান ফিদান বলেন, উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট বিশ্বের অন্যান্য অংশেও প্রভাব ফেলছে।

অন্যদিকে, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসর পৃথক এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের দখলদারত্বকে আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে। তারা ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানায়।

একই বিবৃতিতে হুতি গোষ্ঠীর সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: আলজাজিরা।

ট্যাগ
ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান ফ্রান্স-জার্মানিসহ ৮ দেশের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Oct, 2026 • 12:37 PM
বিজ্ঞাপন (Compact)